আন্তর্জাতিক, ইউরোপ

যুদ্ধাহত রুশ সেনাকে নিয়ে রসিকতা, কমেডিয়ানের ৬ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পা হারানো এক যুদ্ধাহত রুশ সৈনিককে নিয়ে কৌতুক করার জেরে এক স্ট্যান্ড-আপ কমেডিয়ানকে প্রায় ছয় বছরের কারাদণ্ড দিয়েছে রাশিয়ার একটি আদালত। ‘বিদ্বেষ উসকে দেওয়া’ এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে দোষী সাব্যস্ত করে বুধবার (৪ ফেব্রুয়ারি) এই রায় ঘোষণা করা হয়।

রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, অভিযুক্ত ওই কমেডিয়ানের নাম ওস্তানিন। আদালত তাকে ৫ বছর ৯ মাসের কারাদণ্ড এবং ৩ লাখ রুবল (প্রায় ৪ লাখ ৮০ হজার টাকা) জরিমানা করেছেন।

 

মামলার বিবরণী থেকে জানা যায়, ঘটনার সূত্রপাত গত বছরের মার্চে। এক অনুষ্ঠানে ওস্তানিন ইউক্রেন যুদ্ধে মাইন বিস্ফোরণে দুই পা হারানো এক সৈনিককে নিয়ে কৌতুক করেন। ওই সেনা সদস্য স্কেটবোর্ডে ভর করে চলাচল করছিলেন। মস্কোর এক আন্ডারপাসে চলাচলের সময় ওই ব্যক্তি তার পায়ের ওপর দিয়ে চলে গিয়েছিলেন এমন বর্ণনা দিয়ে ওস্তানিন রসিকতা করেন। এছাড়া তিনি হুইলচেয়ারকে ‘স্টাম্প ক্যারিয়ার’ বা ‘গোঁড়া বহনকারী’ বলেও কটাক্ষ করেছিলেন।

 

সেনা সদস্যকে নিয়ে কটাক্ষ করার পাশাপাশি যীশু খ্রিষ্টকে নিয়ে আপত্তিকর কৌতুক করার অভিযোগও আনা হয়েছিল ওস্তানিনের বিরুদ্ধে। আদালত জানিয়েছেন, তার এসব মন্তব্য খ্রিষ্টানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে এবং রুশ অর্থোডক্স জাতীয়তাবাদীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার করেছে।

 

ওস্তানিনের কৌতুকটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে রুশ জাতীয়তাবাদী ও সামরিক ব্লগাররা তীব্র নিন্দা জানান। ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পরপরই রাশিয়া সেনাবাহিনী বা যুদ্ধ নিয়ে ‘মিথ্যা তথ্য’ ও ‘অশালীন মন্তব্য’র বিরুদ্ধে কঠোর সেন্সরশিপ আইন পাস করে। বিরোধীদের অভিযোগ, সেই আইনের ধারাবাহিকতাতেই এই কঠোর সাজা দেওয়া হয়েছে। ক্রেমলিনপন্থী বিভিন্ন গোষ্ঠী এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে নিয়মিত কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়ে আসছে।

 

বিচার চলাকালে নিজের স্বপক্ষে ওস্তানিন বলেন, তাকে গ্রেপ্তারের পর যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে এবং তার সঙ্গে যে আচরণ করা হয়েছে, সেটা তার করা যেকোনো অপরাধের জন্য যথেষ্ট শাস্তি ছিল।

 

তথ্যসূত্র: রয়টার্স

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন