যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার হুমকির মুখে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইরান। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা এমন কিছু অত্যাধুনিক ও দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্র ব্যবহারের জন্য প্রস্তুত রয়েছে, যা আগে কখনো যুদ্ধক্ষেত্রে মোতায়েন বা পরীক্ষা করা হয়নি।
রুশ সংবাদ সংস্থা আরআইএ নভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের একটি উচ্চপদস্থ সামরিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। ওই কর্মকর্তা স্পষ্ট ভাষায় জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো ধরনের সংঘাত বৃদ্ধির জন্য তেহরান পুরোপুরি প্রস্তুত। তিনি বলেন, “আমরা অভ্যন্তরীণভাবে অত্যন্ত আধুনিক অস্ত্রশস্ত্র তৈরি করেছি, যা এখনো যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত বা পরীক্ষিত হয়নি। সরঞ্জাম ও প্রতিরক্ষা সক্ষমতার দিক থেকে ইরানের এমন কোনো ঘাটতি নেই যা দেশকে রক্ষা করার পথে বাধা হতে পারে।”
সামরিক সূত্রটি আরও কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, এবারের পরিস্থিতিতে ইরান আর কোনো ধরনের সংযম প্রদর্শনের ইচ্ছা রাখছে না। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পক্ষ থেকে ইরানকে সামরিকভাবে প্রস্তুত থাকার বিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছিল। তার জবাবেই তেহরানের পক্ষ থেকে এই অপ্রমাণিত ও অত্যাধুনিক গোপন অস্ত্র ব্যবহারের প্রচ্ছন্ন হুমকি এলো, যা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
সূত্র: আলজাজিরা
ডিবিসি/পিআরএএন