আন্তর্জাতিক

যুদ্ধে প্রথমবারের মতো টুইন মিসাইল লঞ্চার ব্যবহার করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে চলমান প্রতিশোধমূলক যুদ্ধে প্রথমবারের মতো টুইন-মিসাইল বা দ্বৈত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ব্যবহার করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। মঙ্গলবার এক বিবৃতিতে আইআরজিসি জানায়, এই নতুন প্রযুক্তির ব্যবহার যুদ্ধের গতিপ্রকৃতিতে একটি যুগান্তকারী পরিবর্তন এনেছে।

আইআরজিসি’র জনসংযোগ বিভাগ জানিয়েছে, মঙ্গলবার অধিকৃত ইসরায়েলি ভূখণ্ডের মধ্য ও দক্ষিণ অঞ্চলের ৩০টিরও বেশি কৌশলগত পয়েন্টে একযোগে এই হামলা চালানো হয়। লক্ষ্যবস্তু হওয়া শহরগুলোর মধ্যে রয়েছে তেল আবিব, রিশন লেতজিওন, পেতাহ তিকভা এবং বিয়ার শেভা। এবারের অভিযানে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যন্ত নিখুঁত খায়বার-শেখান ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।


আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মজিদ মুসাভি সোশ্যাল প্ল্যাটফর্ম আপস্ক্রোল-এ একটি ভিডিও বার্তায় এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি একে যুদ্ধের নতুন পর্যায় হিসেবে অভিহিত করে বলেন, ফাতাহ এবং খায়বার-শেখান ক্ষেপণাস্ত্রের জন্য তৈরি এই নতুন টুইন লঞ্চারের মাধ্যমে আমাদের প্রতিটি হামলার ক্ষমতা আগের চেয়ে দ্বিগুণ করা হয়েছে।


বিবৃতিতে আইআরজিসি সতর্ক করে দিয়ে বলেছে, ইরানের ওপর চালানো জঘন্য অপরাধের চূড়ান্ত প্রতিশোধ নিতে ইসরায়েলের সমস্ত শিল্প, অবকাঠামো এবং সামরিক কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। ইসরায়েলের অভ্যন্তরে বসবাসরত বেসামরিক নাগরিকদের জীবনহানি এড়াতে তাদের অবিলম্বে সামরিক ও শিল্প এলাকাগুলো ত্যাগ করার আহ্বান জানানো হয়েছে।


উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী ইরানের ওপর এক অতর্কিত হামলা চালায়, যাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি এবং বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার শাহাদাত বরণ করেন। এর জবাবে ইরান অপারেশন ট্রু প্রমিজ ৪ শুরু করে। আজকের হামলাটি ছিল এই অপারেশনের ৯৯তম ধাপ। আইআরজিসি পুনর্ব্যক্ত করেছে যে, ইরান কখনোই বেসামরিক লক্ষ্যবস্তুতে আগে হামলা চালায় না, তবে সার্বভৌমত্ব রক্ষায় তারা কোনো আপস করবে না।


বর্তমানে এই অঞ্চলে মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ধারাবাহিক বর্ষণ অব্যাহত রয়েছে।


সূত্র: প্রেস টিভি


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন