আমেরিকা ও ইসরায়েলের সম্ভাব্য যেকোনো আগ্রাসন মোকাবিলায় ইরান সম্পূর্ণ নতুন ধরনের কিছু ‘চমক’ বা রণকৌশল প্রস্তুত করেছে বলে জোরালো ইঙ্গিত পাওয়া গেছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ মঙ্গলবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চলমান যুদ্ধবিরতির সময়সীমা এখন শেষ পর্যায়ে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অতিরিক্ত দাবি-দাওয়া এবং ইরানের বিরুদ্ধে নৌ-অবরোধের ঘোষণার কারণে নতুন করে কোনো সমঝোতা বা আলোচনার পথ রুদ্ধ হয়ে গেছে। এই পরিস্থিতিতে তেহরান যুদ্ধের আশঙ্কাকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে এবং সম্ভাব্য সংঘাতের জন্য সামরিক শক্তি জোরদার করেছে।
গত দুই সপ্তাহ ধরে ইরান যুদ্ধের সম্ভাবনাকে উচ্চপর্যায়ে রেখেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাসনিম নিউজ জানায়, ইরান ইতিমধ্যেই তাদের সামরিক বাহিনীর অবস্থান পরিবর্তন সম্পন্ন করেছে। শত্রুপক্ষের সম্ভাব্য হামলার পাল্টা জবাব দিতে লক্ষ্যবস্তুর একটি নতুন তালিকা তৈরি করা হয়েছে। যেকোনো সম্ভাব্য সংঘাতের প্রথম মুহূর্ত থেকেই সামরিক শক্তিতে বড় ধরনের চমক দেওয়ার প্রস্তুতি রাখা হয়েছে।
ইরানের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ওয়াশিংটন এবং তেল আবিব যদি পুনরায় আগ্রাসন শুরু করে, তবে যুদ্ধের প্রথম মুহূর্ত থেকেই তাদের জন্য জাহান্নাম তৈরি করতে প্রস্তুত তেহরান। বিশেষ করে মার্কিন নৌ-অবরোধের হুমকির প্রেক্ষিতে ইরান তাদের প্রতিরক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: তাসনিম নিউজ
ডিবিসি/এসএফএল