গত দুই মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ অবসানের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, দুই দেশ এক পৃষ্ঠার একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের কাছাকাছি রয়েছে। বুধবার ওই মার্কিন কর্মকর্তা জানান, তারা সমঝোতা স্মারক ইস্যুতে সম্মত হওয়ার কাছাকাছি পৌঁছে গেছেন এবং খুব শিগগিরই এই যুদ্ধের সমাপ্তি টানবেন।
১৪টি পয়েন্ট সংবলিত এই সমঝোতা স্মারকে মূলত যুদ্ধ সমাপ্তির আনুষ্ঠানিক ঘোষণা, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করার কথা বলা হয়েছে। পাশাপাশি, দেশটির ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার লক্ষ্যে একটি বিস্তৃত চুক্তি স্বাক্ষরের জন্য ৩০ দিনের আলোচনা শুরুর বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।
অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়, গত কয়েক দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফ সরাসরি ও মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে ইরানি কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় আলোচনা করেছেন। এই আলোচনাগুলোর ভিত্তিতেই সমঝোতার পয়েন্টগুলো চূড়ান্ত করা হয়েছে।
উল্লেখ্য, চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে মার্কিন নৌবাহিনীর পাহারায় নিরাপদে পারাপারের জন্য গত ৪ মে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি প্রকল্পের ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে ঘোষণার মাত্র দুই দিনের মাথায় গত ৬ মে (বুধবার) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ওই প্রকল্প স্থগিতের কথা জানান তিনি। ট্রাম্পের এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই সমঝোতা স্মারকের এই খবরটি প্রকাশ্যে আনে অ্যাক্সিওস।
ডিবিসি/এফএইচআর