যুক্তরাষ্ট্রকে নতুন কোনো সামরিক সংঘাতে না জড়ানোর নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার (৭ জুন) এনবিসি নিউজের 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দেন, তিনি কখনোই যুদ্ধ না করার শতভাগ নিশ্চয়তা দেননি।
আগে থেকে ধারণ করা ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, "প্রথমত, আমি যুদ্ধ না করার কোনো গ্যারান্টি দিইনি। তা না হলে আমি কেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তুলব?" এ সময় তিনি ভেনিজুয়েলা ও ইরানে নেওয়া নিজের সামরিক পদক্ষেপের পক্ষেও যুক্তি তুলে ধরেন। তাঁর দাবি, ইরাক বা ভিয়েতনামে যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী যুদ্ধের মতো তাঁর এই সামরিক পদক্ষেপগুলো ততটা দীর্ঘ নয়।
ইরান ও ভেনিজুয়েলার চলমান পরিস্থিতি প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা সেখানে মাত্র কয়েক মাসের জন্য আছি। ইতিমধ্যে হুমকি অনেকটাই কমে এসেছে এবং খুব শিগগিরই তা পুরোপুরি শেষ হয়ে যাবে।’ একইসঙ্গে ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, দেশটিকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না; কারণ তা করতে দিলে তারা ধ্বংসযজ্ঞ চালাবে।
সূত্র: সিএনএন
ডিবিসি/এফএইচআর