ইরানের পশ্চিমাঞ্চলে যেকোনো ধরনের হুমকির চূড়ান্ত ও কঠোর জবাব দিতে তাদের যোদ্ধারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন আইআরজিসির স্থলবাহিনীর কমান্ডার মোহাম্মদ কারামি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি বলেন, কোনো সন্ত্রাসী গোষ্ঠী যদি ইরানের বিরুদ্ধে কোনো ধরনের ভুল হিসাব-নিকাশ বা উস্কানিমূলক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে, তবে তাদের এর চরম মূল্য দিতে হবে। যেকোনো আগ্রাসন মোকাবিলায় পশ্চিমাঞ্চলে মোতায়েন করা যোদ্ধারা সদা সতর্ক রয়েছে।
তিনি হামজেহ সাইয়েদ আল-শোহাদা সদর দপ্তরের যোদ্ধাদের কথা বিশেষভাবে উল্লেখ করেন। তিনি জানান, এই বাহিনীর সুদক্ষ যোদ্ধারা সার্বক্ষণিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং তাদের আভিযানিক প্রস্তুতি এখন সর্বোচ্চ পর্যায়ে।
মোহাম্মদ কারামি তার বার্তায় আরও উল্লেখ করেন, এই যোদ্ধারা কেবল অস্ত্রেই নয়, বরং গভীর বিশ্বাস, আধুনিক প্রযুক্তি এবং বিজ্ঞানের সমন্বিত শক্তিতেও বলীয়ান। ফলে শত্রুদের যেকোনো হুমকির বিরুদ্ধে তারা তাৎক্ষণিক ও চূড়ান্ত প্রতিক্রিয়া জানাতে পুরোপুরি সক্ষম।
ডিবিসি/এসডব্লিউএন