আন্তর্জাতিক

যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে ঐতিহাসিক লড়াইয়ের জন্য প্রস্তুত ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য নতুন হামলার হুমকির মধ্যেই যেকোনো আগ্রাসন মোকাবিলায় ইরান একটি ঐতিহাসিক লড়াইয়ের জন্য প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাবাহিনীর এক শীর্ষ কমান্ডার।

শনিবার (২৩ মে) ইরানের সেনাবাহিনীর ডেপুটি কমান্ডার (সমন্বয়) রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। ১৯৮০-এর দশকে ইরাকের চাপিয়ে দেওয়া যুদ্ধের সময় ‘বাইতুল-মুকাদ্দাস’ নামক এক ঐতিহাসিক অভিযানের মাধ্যমে খোররামশহর শহর পুনরুদ্ধারের ৪৪তম বার্ষিকী উপলক্ষে তিনি এই মন্তব্য করেন।

 

হাবিবুল্লাহ সাইয়ারি বলেন, দেশের ভৌগোলিক অখণ্ডতা ও স্বাধীনতা রক্ষায় যেকোনো ষড়যন্ত্র বা চাপিয়ে দেওয়া যুদ্ধের বিরুদ্ধে আমরা আরও একটি ‘বাইতুল-মুকাদ্দাস’ তৈরি করতে প্রস্তুত। বিশ্ববাসীর জানা উচিত যে, আমাদের আত্মপরিচয় ত্যাগ ও দেশপ্রেমের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

 

শত্রুদের ওপর ধ্বংসাত্মক হামলা চালাতে ইরানের সেনাবাহিনী এখন কেবল ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতার নির্দেশের অপেক্ষায় রয়েছে বলেও জানান এই শীর্ষ কমান্ডার।

 

এদিকে, খোররামশহর পুনরুদ্ধারের বার্ষিকী উপলক্ষে ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকেও একটি আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছে। এতে বলা হয়, ১৯৮২ সালের খোররামশহরের যুদ্ধের মতো এবারও শত্রুদের সব হিসাব-নিকাশ পাল্টে দিতে এবং ইরানি জাতির প্রতিরোধ ও দৃঢ়তা বিশ্বের সামনে তুলে ধরতে সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত।

 

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ১৯৮০-এর দশকের যুদ্ধ এবং সম্প্রতি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের দুটি আগ্রাসন (গত বছরের জুন এবং চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত) থেকে সেনাবাহিনী মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেছে। দৃঢ় সংকল্প ও অটল ইচ্ছাশক্তির মাধ্যমে শত্রুদের যেকোনো হুমকি ও আগ্রাসনের বিরুদ্ধে চূড়ান্ত ও সর্বাত্মক লড়াইয়ের জন্য তারা এখন পুরোপুরি প্রস্তুত রয়েছে।

 

সূত্র: প্রেস টিভি

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন