বিনোদন, বলিউড
যে ছোট ভুলটির জন্য বিপদে পড়ে গেলেন সানি লিওন

একটি ভুলের জন্য যে বড় কোন ঘটনা ঘটবে এমনটা ভাবতেও পারেননি বলিউড অভিনেত্রী সানি লিওন। শেষ পর্যন্ত তাকে ক্ষমাও চাইতে হয়েছে। সম্প্রতি তার অভিনীত একটি ছবির জন্য চরম অস্বস্তিতে পড়েন দিল্লির এক বাসিন্দা।
জানা যায়, ওই বাসিন্দার নাম পুণীত আগরওয়াল। তার কাছে গত কয়েকদিনে কয়েকশত কল আসে। এসব কলদাতারা সবাই সানি লিওনকে খুঁজছেন। তাকে ফোন করে কেন সানি লিওনকে চাওয়ার কারণে অবাক হন পুণীত। প্রথমে মজা পেলেও পরে অতিরিক্ত ফোনের কারণে বিরক্ত হন পুণীত।
এক পর্যায়ে অতিরিক্ত ফোনে অতিষ্ঠ পুণীত জানতে পারেন, সদ্য রিলিজ হওয়া ছবি ‘অর্জুন পাতিয়ালা’-তে তার ফোন নম্বরটি ব্যবহার করা হয়েছে। ছবিতে একটি দৃশ্যে সানি লিওন তার ফোন নম্বরটি ছবির অন্য একটি চরিত্রকে দিচ্ছেন। এরপর থেকেই সানি লিওনের ভক্তরা একের পর এক সেই নাম্বারে কল দিয়ে যাচ্ছে।
এদিকে, এই বিড়ম্বনা থেকে রক্ষা পেতে হেনস্থার অভিযোগ জানিয়ে থানায় একটি ডায়েরি করেছেন পুণীত। এরপর সাংবাদিকরা সানি লিওনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি ক্ষমা চাইছি। এরকম কিছু হতে পারে আমি ভাবিনি’।