নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার জুনিয়র। ম্যাচ শেষে এক আবেগঘন প্রতিক্রিয়ায় বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ হয়ে যাওয়ার কথা জানান এই তারকা ফরোয়ার্ড। মেটলাইফ স্টেডিয়ামে হওয়া এই ম্যাচে যোগ করা সময়ে পেনাল্টি থেকে দলের হয়ে একমাত্র গোলটি করেন তিনি।
ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েন ৩৪ বছর বয়সী নেইমার, এ সময় সতীর্থরা তাকে ঘিরে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। নিজের বিদায় প্রসঙ্গে নেইমার বলেন, তিনি তার সর্বোচ্চ চেষ্টা করেছেন, কিন্তু এখন সবকিছুর সমাপ্তি ঘটেছে। কাকতালীয়ভাবে, ২০১০ সালে এই মেটলাইফ স্টেডিয়ামেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে একটি প্রীতি ম্যাচের মধ্য দিয়ে ব্রাজিলের জার্সিতে তার অভিষেক হয়েছিল। স্মৃতিচারণ করে তিনি জানান, যেখান থেকে তার শুরু হয়েছিল, সেখানেই তার জাতীয় দলের অধ্যায়ের সমাপ্তি হলো।
সাবেক অধিনায়ক থিয়াগো সিলভার পর দ্বিতীয় ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে চারটি বিশ্বকাপ খেলেও শিরোপার স্বাদ না পাওয়ার হতাশায় পুড়তে হলো নেইমারকে। এটিই যদি তার শেষ ম্যাচ হয়, তবে ১৩০ ম্যাচে ৮০টি গোল ও ৫৮টি অ্যাসিস্ট নিয়েই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন তিনি। সিনিয়র দলের হয়ে তার একমাত্র অর্জন ২০১৩ সালের কনফেডারেশন্স কাপ শিরোপা। এর বাইরে ২০১৬ সালে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে অলিম্পিকের স্বর্ণপদক জিতেছিলেন তিনি।
অন্যদিকে, নরওয়ের বিপক্ষে এই হারটি ১৯৯০ সালের পর বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে বাজে ফলাফল। ২০০২ সালে সর্বশেষ চ্যাম্পিয়ন হওয়া দলটির শিরোপাখরা ২০৩০ সাল পর্যন্ত গড়ালে তা ২৮ বছরে গিয়ে ঠেকবে, যা তাদের প্রথম বিশ্বকাপ জয়ের পর শিরোপার জন্য সবচেয়ে দীর্ঘতম অপেক্ষা।
সূত্র: গ্লোবো স্পোর্তো
ডিবিসি/এফএইচআর