ঢাকা-সিলেট মহাসড়ক সংস্কারসহ সিলেটের সামগ্রিক যোগাযোগ ব্যবস্থার দ্রুত প্রতিকার এবং দুর্ভোগ অবসানের দাবিতে আজ সিলেট নগরে দোকানপাট বন্ধ, যানবাহনে কর্মবিরতি ও প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়েছে। সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর সমন্বয়ে সিলেটে বসবাসরত সর্বস্তরের নাগরিকরা এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন।
আজ রবিবার (১২ই অক্টোবর) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টা ধরে নগরের সব দোকানপাট বন্ধ থাকে এবং যানবাহন চলাচল কর্মবিরতি পালন করে। একই সময়ে প্রতীকী অনশন কর্মসূচিও পালিত হয়।
কর্মসূচি চলাকালে নগরের কোর্ট পয়েন্টে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। বক্তারা অভিযোগ করেন, সড়কপথ, রেলপথ ও আকাশপথে যোগাযোগ ব্যবস্থায় বৃহত্তর সিলেটবাসীর জন্য দীর্ঘদিন ধরে চলা দুর্ভোগ, অনিয়ম ও চরম নৈরাজ্য এখন অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। তারা বলেন, ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট, রেলপথে বগি সংকট ও টিকিট কালোবাজারি এবং আকাশপথে বিমানের টিকিটের মূল্য আকাশচুম্বী করে সিলেটকে যেন অর্থনৈতিকভাবে শোষণের যাঁতাকলে ফেলা হয়েছে।
সাবেক সিটি মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী জানান, আজকের কর্মসূচি থেকে ১৫ দিনের আল্টিমেটাম দেওয়া হবে। এই সময়ের মধ্যে যৌক্তিক কোনো পদক্ষেপ দৃশ্যমান না হলে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
ডিবিসি/পিআরএএন