যৌন নির্যাতন ও মানহানির মামলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে ৫৬ লাখ (৫.৬ মিলিয়ন) ডলার ক্ষতিপূরণ বুঝে পেয়েছেন লেখিকা ই. জিন ক্যারল। আদালতের নথি ও ক্যারলের আইনজীবীর বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
আদালতের রায় অনুযায়ী, ট্রাম্পের জমা দেওয়া ৫ মিলিয়ন ডলার ও এর সুদ মিলিয়ে মোট ৫.৬ মিলিয়ন ডলার সোমবার (১৩ জুলাই) একটি এসক্রো অ্যাকাউন্ট থেকে ক্যারলকে প্রদান করা হয়। ২০২৩ সালের রায়ের পর থেকেই ট্রাম্প ওই অ্যাকাউন্টে অর্থ জমা রেখেছিলেন।
মঙ্গলবার ক্যারলের আইনজীবী রবার্টা কাপলান এই অর্থ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন। সম্প্রতি মার্কিন সুপ্রিম কোর্ট এই মামলার দেওয়ানি রায় বহাল রাখলে বিচারক লুইস এ. কাপলান অর্থ হস্তান্তরের নির্দেশ দেন। ট্রাম্পের আইনজীবীরা এই অর্থ প্রদান স্থগিত বা বাতিলের আবেদন করলেও তা খারিজ হয়ে যায়। তবে তারা জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে তাদের আপিল প্রক্রিয়া অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ১৯৯৬ সালে নিউইয়র্কের একটি বিলাসবহুল ডিপার্টমেন্টাল স্টোরে ট্রাম্পের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছিলেন ৮২ বছর বয়সী সাবেক কলামিস্ট ক্যারল। ২০১৯ সালে আত্মজীবনীতে বিষয়টি প্রকাশ্যে আনলে ট্রাম্প তা পুরোপুরি অস্বীকার করেন এবং ক্যারলকে নিয়ে মানহানিকর মন্তব্য করেন। এরপর নিউইয়র্কের পরিবর্তিত আইনের সুযোগ নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেন এই লেখিকা। এছাড়া ২০২৪ সালের অপর এক মানহানির মামলায় ক্যারলকে আরও ৮ কোটি ৩০ লাখ (৮৩ মিলিয়ন) ডলার ক্ষতিপূরণ দেওয়ার আদেশের বিরুদ্ধেও বর্তমানে আপিল করছেন ট্রাম্প।
সূত্র: এপি নিউজ
ডিবিসি/আরএসএল