জেলার সংবাদ

রংপুরের পীরগঞ্জে ভোটের ৪ দিন পর সিল মারা ব্যালট উদ্ধার, ইউএনও প্রায় ১ ঘণ্টা অবরুদ্ধ

রংপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রংপুরের পীরগঞ্জে ভোটগ্রহণের চার দিন পর একটি কেন্দ্র থেকে সিলমারা ব্যালট পেপার ও সিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনার জেরে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়েন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পপি খাতুন। প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশি পাহারায় তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা তার গাড়ির পেছনের গ্লাস ভাঙচুর করে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মদনখালী ইউনিয়নের হাসারপারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে শিক্ষার্থীরা স্কুলে গিয়ে একটি পরিত্যক্ত আলমারির পাশে দুটি সিলসহ ছয়টি ব্যালট পেপার পড়ে থাকতে দেখে। এর মধ্যে দুটিতে ধানের শীষ প্রতীকের সিল এবং বাকি চারটিতে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের সিল ছিল। শিক্ষার্থীরা সেগুলো কুড়িয়ে প্রধান শিক্ষকের কাছে জমা দেয়।

 

প্রধান শিক্ষক তাৎক্ষণিকভাবে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। খবর পেয়ে দুপুরে ইউএনও পপি খাতুন ঘটনাস্থলে পৌঁছালে এলাকাবাসী সেখানে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। ঝাড়ু হাতে নারীরাও বিক্ষোভে অংশ নেন। ইউএনও স্কুলের ভেতরে প্রবেশ করলে বিক্ষুব্ধ জনতা তাকে অবরুদ্ধ করে রাখে। প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ থাকার পর স্থানীয় বিএনপি ও পুলিশের সহায়তায় তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় বাইরে থাকা তার গাড়ির পেছনের গ্লাস ভাঙচুর করে বিক্ষুব্ধরা।

 

এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি সোহেল রানা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তবে এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ইউএনও পপি খাতুন।

 

ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ও শাহ আব্দুর রউফ কলেজের প্রভাষক মো. রাহিদুজ্জামান বলেন, ভোটের দিন সকল এজেন্টের উপস্থিতিতে এবং সম্মতিতে যথাযথ নিয়ম মেনেই ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়েছে। ব্যালট বাক্সের বাইরে আলাদা ব্যালট পাওয়ার বিষয়ে তাদের কিছু করার নেই।

 

প্রসঙ্গত, রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে ১ লাখ ২০ হাজার ১২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নুরুল আমীন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাইফুল ইসলাম পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৭০৩ ভোট। কারচুপির অভিযোগ তুলে পুনঃগণনার দাবিতে গত তিন দিন ধরে বিক্ষোভ করছেন বিএনপি প্রার্থীর কর্মী-সমর্থকরা।

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন