রংপুর নগরীর পায়রা চত্বরে অবস্থিত নর্থ ভিউ নামক একটি আবাসিক হোটেলের নয়তলার ছাদ থেকে নিচে পড়ে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ছাত্রীর নাম নুজসাত। সে নগরীর খলিফাপাড়া এলাকার বাসিন্দা নজরুল ইসলামের মেয়ে। চলতি বছর রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে তার উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী জানান, ঘটনার পর পরই পুলিশ হোটেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।
তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ওই কিশোরী বিকেল ৪টা ৪৫ মিনিটে একাই হোটেলের ছাদে ওঠে। সেখানে কিছুক্ষণ মোবাইল ফোন ব্যবহারের পর সে ছাদের রেলিংয়ে দাঁড়ায় এবং এর কিছুক্ষণ পরই নিচে পড়ে যায়। এটি আত্মহত্যা নাকি এর পেছনে কোনো প্ররোচনা রয়েছে, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্ত শেষেই মৃত্যুর প্রকৃত কারণ ও রহস্য জানা যাবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
ডিবিসি/এসএফএল