জেলার সংবাদ

রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের পক্ষে লড়বে না আইনজীবী সমিতি

রংপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রংপুরে চাঞ্চল্যকর শিক্ষক পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডে গ্রেপ্তার হওয়া দুই আসামিকে আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা দিয়েছে রংপুর আইনজীবী সমিতি। পুলিশের প্রাথমিক তদন্ত ও পারিপার্শ্বিক সাক্ষ্যপ্রমাণে ওই দুই যুবকের সম্পৃক্ততা প্রতীয়মান হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় রংপুর আইনজীবী সমিতি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফতাব উদ্দিন আহমেদ এ কথা জানান।

সংবাদ সম্মেলনে আফতাব উদ্দিন আহমেদ জানান, আদালতে আসামিদের দেওয়া ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সাক্ষীদের বিবরণ এবং পুলিশের প্রাথমিক তদন্ত বিশ্লেষণ করে সর্বসম্মতিক্রমে এই আলোচিত হত্যাকাণ্ডের আসামিদের পক্ষে না দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তিনি উল্লেখ করেন, মামলায় নতুন কোনো তথ্য-উপাত্ত না পাওয়া গেলে এই সাময়িক সিদ্ধান্তটি এক সপ্তাহ থেকে শুরু করে ছয় মাস বা তারও বেশি সময় ধরে বলবৎ থাকতে পারে। এর পাশাপাশি বাদীপক্ষের ন্যায়বিচার নিশ্চিতে তাদের পাশে থাকারও প্রতিশ্রুতি দেয় সমিতি।

 

শিক্ষক গণপতি চক্রবর্তীর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে আইনজীবী সমিতির নেতারা বলেন, পূর্ণাঙ্গ তদন্ত শেষে প্রকৃত রহস্য উন্মোচিত হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। দ্রুতগতিতে এগিয়ে চলা পুলিশের তদন্ত কার্যক্রমে বিভ্রান্তি সৃষ্টি না করে সবাইকে সহযোগিতা করার এবং বিষয়টি নিয়ে কোনো ধরনের রাজনীতি না করার আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহেদ কামাল ইবনে খতিবসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাসুয়াপাড়া এলাকার একটি তালাবদ্ধ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী, ছেলে ও মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস নামের দুজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে নিহত শিক্ষকের বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে রংপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন