রংপুরের তারাগঞ্জে নিখোঁজের একদিন পর দ্বিতীয় শ্রেণি পড়ুয়া সানজিদা (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) দুপুর ২টার দিকে বাড়ির অদূরে একটি পাটখেত থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর কোরানীপাড়া গ্রামের সাইদুল ইসলামের মেয়ে সানজিদাকে শুক্রবার দুপুর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের বাড়িতে খোঁজ করেও তার কোনো সন্ধান মেলেনি। পরে রাতে এলাকাজুড়ে মাইকিং করা হয়।
শনিবার সকাল ১১টার দিকে মাঠে কাজ করতে গিয়ে বাড়ির মাত্র ২০০ মিটার দূরে ডালিয়া সেচ ক্যানেলের ধারে একটি পাটখেতে সানজিদার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে বেলা ২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, ৯ বছর বয়সী শিশু সানজিদার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে উদ্ধারকৃত শিশুটির দুই চোখ দাবানো অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি।
ডিবিসি/আরএসএল