রংপুরে জ্বালানি তেলের তীব্র সংকটের মাঝে এক অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছে নগরীর শাপলা চত্বর এলাকার ইউনিক ফিলিং স্টেশন। গত ৫ এপ্রিল তেল নেওয়ার দীর্ঘ লাইনে একটি মোটরসাইকেল রেখে যাওয়ার পর দীর্ঘ ১২ দিন পেরিয়ে গেলেও চালকের কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় চরম বিপাকে পড়েছেন ফিলিং স্টেশন কর্তৃপক্ষ।
জানা গেছে, ফেলে যাওয়া মোটরসাইকেলটি টিভিএস কোম্পানির ‘মেট্রো প্লাস’ মডেলের, যার রেজিস্ট্রেশন নম্বর রংপুর মেট্রো-হ ১১-০৫৭২। পাম্পের বিক্রয় কর্মী আলমগীর ইসলাম জানান, ওইদিন লাইনে মোটরসাইকেলটি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখে তারা চালককে খুঁজতে শুরু করেন।
কিন্তু চালকের দেখা না পেয়ে অন্য গ্রাহকদের যাতায়াত নির্বিঘ্ন করতে তারা সেটি সরিয়ে নিরাপদ স্থানে সরিয়ে রাখেন। পরদিন সকালেও কেউ বাইকটি নিতে না আসায় বর্তমানে সেটি পাহারাদারদের জিম্মায় রাখা হয়েছে।
সিসিটিভি ফুটেজ দেখে চালককে শনাক্ত করার চেষ্টা করা হলেও সিসি ক্যামেরার রেঞ্জের বাইরে বাইকটি রাখায় পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন কর্মচারী বিপ্লব ইসলাম। ফিলিং স্টেশনের ম্যানেজার মিজানুর রহমান মিজান ঘটনাটিকে বিস্ময়কর উল্লেখ করে জানান, প্রকৃত মালিকের সন্ধানে তারা এখন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের সহায়তা নিচ্ছেন।
এদিকে স্থানীয় গ্রাহকদের ধারণা, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তেল না পাওয়ার হতাশায় ক্ষুব্ধ হয়ে কোনো চালক হয়তো বাইকটি রেখে চলে গেছেন। রংপুর পেট্রোল পাম্প ডিলারস অ্যান্ড এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আজিজুল ইসলাম মিন্টু জানান, জেলায় চাহিদার তুলনায় তেলের সরবরাহ অত্যন্ত কম। ৪৮টি পাম্পের মধ্যে সংকটের কারণে প্রায় ৩০টি পাম্পই বন্ধ রাখতে হচ্ছে, যার ফলে গ্রাহক ভোগান্তি ও এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বাড়ছে।
ডিবিসি/টিবিএ