রংপুরের পীরগঞ্জে বাবাকে বাঁচাতে গিয়ে নদীর পানিতে ডুবে লিমন মিয়া নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (০৩ মে) দুপুরে উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাদারপুর গ্রামে আখিরা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিমন ওই গ্রামের গোফফার আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোফফার আলী বাড়ির পাশে আখিরা নদী পার হয়ে নিজের জমিতে কাটা ধান আনতে যাচ্ছিলেন। নদীর মাঝামাঝি পৌঁছালে হঠাৎ প্রবল স্রোতে তিনি ডুবে যেতে থাকেন এবং বাঁচার জন্য চিৎকার শুরু করেন। তীরে থাকা ছেলে লিমন মিয়ার সাঁতার ভালো জানা না থাকলেও বাবাকে বাঁচাতে সঙ্গে সঙ্গে নদীতে ঝাঁপ দেন। কিন্তু বাবার কাছে পৌঁছানোর আগেই তিনি নিজেই স্রোতের টানে পানিতে তলিয়ে যান।
পরে স্থানীয়রা নদী থেকে লিমনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। অন্যদিকে, লিমনের বাবা গোফফার আলীকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রামনাথপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. শাহ জালাল বিষয়টি নিশ্চিত করে জানান, বাবাকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে ছেলের এমন মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ডিবিসি/আরএসএল