রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মোখলেছুর রহমান (৫৫) নামের এক ব্যাটারিচালিত রিকশাচালককে গলা কেটে হত্যা করা হয়েছে। তিনি উপজেলার নবনীদাস পাড়ার মৃত হামিদুর রহমানের ছেলে। রিকশাটি ছিনতাই করার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের শান্তিপাড়া কাউয়াফান্দা এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা রাতের অন্ধকারে এলাকার একটি বট গাছের নিচে ওই রিকশাচালকের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। জানা যায়, শুক্রবার বিকেলে মোখলেছুর রহমান তার রিকশাটি নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। পুলিশের ধারণা, রাত ৮টা থেকে ১০টার মধ্যে সংঘবদ্ধ দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে এবং ব্যাটারিচালিত রিকশাটি ছিনিয়ে নিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস সবুর জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ নিবিড়ভাবে কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর বিস্তারিত ও সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
ডিবিসি/আরএসএল