বাংলাদেশ, জেলার সংবাদ

রংপুরে হোটেল মালিকের হাতুড়ির আঘাতে কর্মচারীর মৃত্যু, গ্রেপ্তার ১

রংপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রংপুর নগরীর খামার মোড় এলাকায় থালা-বাসন পরিষ্কার করাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মালিকের হাতুড়ির আঘাতে এক হোটেলকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত হোটেল ব্যবসায়ী মিজানুর রহমান মনুকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) রাত ৯টার দিকে নগরীর ব্যস্ততম খামার মোড় এলাকার একটি ভাজাপোড়ার হোটেলে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত হোটেলকর্মীর নাম শাওন (২৫)। তিনি লালমনিরহাটের আদিতমারী উপজেলার বাসিন্দা এবং ওই হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন। অন্যদিকে, গ্রেপ্তারকৃত হোটেল মালিক মিজানুর রহমান মনু নগরীর নোয়াখালী পট্টি খামার মোড় এলাকার আমির হোসেনের ছেলে। দীর্ঘদিন ধরে বাবা ও ছেলে মিলে ওই হোটেল ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে হোটেলে থালা-বাসন পরিষ্কার করা নিয়ে মালিক মনুর সঙ্গে কর্মচারী শাওনের কথা-কাটাকাটি হয়। বিতর্কের একপর্যায়ে শাওন হোটেল থেকে বের হয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলে মালিক মনু পেছন থেকে গিয়ে হাতুড়ি দিয়ে তার মাথায় সজোরে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই শাওনের মৃত্যু হয়।

 

হত্যাকাণ্ডের পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সেসময় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত হোটেল ব্যবসায়ী মিজানুর রহমান মনুকে গ্রেপ্তার করে।

 

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) সনাতন চক্রবর্তী জানান, ঘটনার পরপরই মূল অভিযুক্ত মিজানুর রহমান মনুকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও ঘটনার বিস্তারিত জানতে পুলিশের তদন্ত চলমান রয়েছে। এছাড়া নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন