বাংলাদেশ, জেলার সংবাদ

নিজড়া ইউনিয়ন পরিষদ: রক্ষিত জমি রেজিস্ট্রি করে কার্যালয় নির্মাণ চেয়ে করা আবেদন নিষ্পত্তির নির্দেশ

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গোপালগঞ্জ সদরের নিজড়া ইউনিয়ন পরিষদের বর্তমান কার্যালয়ের পাশে রক্ষিত জমি ওই পরিষদের নামে রেজিস্ট্রি করে সেখানে ইমারত বা কার্যালয় নির্মাণের ব্যবস্থা নিতে করা একটি আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আইন অনুসারে আগামী ৬০ দিনের মধ্যে আবেদনটি নিষ্পত্তি করতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিবকে এই নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি রাজিক–আল–জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মাজেদুল ইসলাম পাটোয়ারী এবং তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী মো. আবু জাফর মানিক।

 

জানা যায়, গত ২৪ মে ‘১৩নং নিজড়া ইউনিয়ন পরিষদের কার্যালয়টি বর্তমান স্থানের পাশে রক্ষিত-দান করা জমি ইউনিয়ন পরিষদের নামে রেজিস্ট্রিপূর্বক ইমারত বা কার্যালয় নির্মাণ করা’ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবসহ বিভিন্ন দপ্তরে একটি আবেদন করেছিলেন মো. মশিউর রহমান, নিজড়া ইউনিয়ন পরিষদের কয়েকজন সদস্যসহ স্থানীয় ৩০ জন বাসিন্দা। ওই আবেদনে কোনো ফল না পেয়ে তাঁরা হাইকোর্টে এই রিটটি দায়ের করেন।

 

রিটকারীদের আইনজীবী মাজেদুল ইসলাম পাটোয়ারী জানান, গত ২৪ মে করা আবেদনটি নিষ্পত্তি করতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং আবেদনটি নিষ্পত্তি করতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা জানতে চেয়েছেন আদালত। স্থানীয় সরকারসচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের পরিচালকসহ বিবাদীদের আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন