যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের ঘোষিত যুদ্ধবিরতির সময়সীমা ঘনিয়ে এলেও, এখন পর্যন্ত পরবর্তী শান্তি আলোচনার কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি।ইরানের পার্লামেন্টের স্পিকার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, গত দুই সপ্তাহে ইরান রণক্ষেত্রে নতুন তাস (কৌশল) দেখানোর প্রস্তুতি নিয়েছে এবং তারা হুমকির ছায়ায় কোনো আলোচনা মেনে নেবে না।
এদিকে, কোনো চুক্তিতে পৌঁছানোর জন্য নিজের ওপর চাপ থাকার কথা অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে, মার্কিন গণমাধ্যম জানিয়েছে—আলোচনার জন্য ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মঙ্গলবার পাকিস্তান সফরে যাবেন। ট্রাম্প আরও জানিয়েছেন, বুধবার শেষ হতে যাওয়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা খুবই কম।
উপসাগরীয় অঞ্চলে, রবিবার ইরানের পতাকাবাহী একটি মালবাহী জাহাজ আটকের পর হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত রয়েছে। সেইসঙ্গে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলছে।
অন্যদিকে, একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে, আগামী বৃহস্পতিবার ইসরায়েল ও লেবাননের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সূত্র: বিবিসি
ডিবিসি/কেএলডি