স্প্যানিশ তারকা মিডফিল্ডার রদ্রিকে দলে ভেড়াতে বার্সেলোনার দেওয়া ৩ কোটি ৮৫ লাখ পাউন্ডের (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৪৩ কোটি টাকা) প্রাথমিক প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ম্যানচেস্টার সিটি। বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, রদ্রিকে ছেড়ে দিতে রাজি আছে ইংলিশ ক্লাবটি। তবে তার জন্য গুনতে হবে অন্তত ৬ কোটি পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যা ১ হাজার কোটি টাকারও বেশি।
বিবিসি স্পোর্টস ও স্প্যানিশ রেডিও নেটওয়ার্ক কাদেনা এসইআরের তথ্য অনুযায়ী, চুক্তির মেয়াদ শেষের পথে থাকা রদ্রির সম্ভাব্য পরবর্তী গন্তব্য হিসেবে এত দিন রিয়াল মাদ্রিদের নামই জোরালোভাবে শোনা যাচ্ছিল। তবে শেষ মুহূর্তে এই দৌড়ে যোগ দিয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।
বৃহস্পতিবার বিবিসি স্পোর্টসকে একাধিক সূত্র জানায়, সিটির সঙ্গে আলোচনা শুরুর জন্য রদ্রির অনুমোদন পেয়েছে বার্সেলোনা। এর এক দিন পরই শুক্রবার আনুষ্ঠানিকভাবে সিটির কাছে প্রস্তাব দেয় কাতালান ক্লাবটি।
শুরুতে বার্সেলোনার পক্ষ থেকে কোনো চুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়নি। তবে দ্রুতই পরিস্থিতি বদলায়। পরে ক্লাবটি জানায়, রদ্রির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তারা।
সদ্য সমাপ্ত বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে টুর্নামেন্টসেরার পুরস্কার জেতা রদ্রি বর্তমানে পিঠের অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন। আগামী সপ্তাহের শুরুতেই তার ম্যানচেস্টার সিটিতে ফেরার কথা রয়েছে।
এদিকে রদ্রির ভবিষ্যৎ নিয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাতে চায় সিটিও। তার সম্ভাব্য বিকল্প হিসেবে ফরাসি ক্লাব লিলের ১৮ বছর বয়সী মরক্কোর মিডফিল্ডার আইয়ুব বুআদ্দিকে দলে ভেড়ানোর চেষ্টা করছে তারা। তবে তরুণ এই মিডফিল্ডারের জন্য লিলের চাওয়া ৮ কোটি ৬০ লাখ পাউন্ডের মূল্যই এখন আলোচনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
ডিবিসি/ আরএফই