খেলাধুলা, ফুটবল

রদ্রির দাম কমাবে না ম্যানচেস্টার সিটি

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রদ্রিকে ঘিরে আবারও সরগরম ইউরোপের দলবদলের বাজার। রিয়াল মাদ্রিদের সম্ভাবনা আপাতত অনেকটাই ফিকে হয়ে গেলেও জেগে উঠেছে বার্সেলোনার আশা। তবে এর মধ্যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা এসেছে রদ্রির বর্তমান ক্লাব ম্যানচেস্টার সিটির কাছ থেকে উপযুক্ত প্রস্তাব না পেলে বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডারকে ছাড়তে রাজি নয় তারা।

ইএসপিএনের খবর অনুযায়ী, রদ্রির মূল্য ৭ কোটি ইউরোর বেশি বলে মনে করে ম্যানচেস্টার সিটি। ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, ৩০ বছর বয়সী এই স্প্যানিশ মিডফিল্ডারের জন্য বার্সেলোনা প্রায় সাড়ে ৪ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছিল। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সিটি। যদিও দুই ক্লাবের মধ্যে আলোচনা এখনো চলছে।

 

ইএসপিএন জানিয়েছে, রদ্রির স্পেনে ফেরার আগ্রহের বিষয়টি জানে ম্যানচেস্টার সিটি। তাকে ধরে রাখার ব্যাপারে ক্লাবের অনড় অবস্থানও নেই। বরং অসন্তুষ্ট কোনো খেলোয়াড়কে দলে রাখতে চায় না সিটি। সাম্প্রতিক সময়ে রদ্রির চোটের সমস্যা, তার বয়স এবং চুক্তির বর্তমান পরিস্থিতিও বিবেচনায় নিচ্ছে ক্লাবটি।

তবে এসব কারণ থাকলেও নির্ধারিত মূল্যের চেয়ে কম কোনো প্রস্তাবে রাজি নয় ম্যানচেস্টার সিটি। আর এখানেই জটিলতা তৈরি হয়েছে বার্সেলোনার সঙ্গে আলোচনায়।

 

সিটির সঙ্গে রদ্রির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী মৌসুমে। অর্থাৎ চুক্তি নবায়ন না হলে এরপরই ফ্রি এজেন্ট হয়ে যেতে পারেন তিনি। তাই রদ্রিকে এখনই বিক্রি করে কিছু অর্থ পাওয়াই সিটির জন্য বেশি লাভজনক হতে পারে।

 

সব মিলিয়ে রদ্রির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। বার্সেলোনা কি সিটির চাহিদামতো প্রস্তাব দেবে, নাকি শেষ পর্যন্ত অন্য কোনো ক্লাব তাকে দলে ভেড়াবে তা জানতে দলবদলের বাজারে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

 

ডিবিসি/ আরএফই

আরও পড়ুন