আন্তর্জাতিক

রমজানে আল-আকসা মসজিদে মুসল্লিদের প্রবেশাধিকার সীমিত করছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আসন্ন পবিত্র রমজান মাসে জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদে মুসলিম মুসল্লিদের প্রবেশাধিকার সংকুচিত করার পরিকল্পনা করছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

জেরুজালেমের সাবেক গ্র্যান্ড মুফতি এবং সুপ্রিম ইসলামিক কাউন্সিলের প্রধান শেখ ইকরিমা সাবরি আনাদোলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আশঙ্কার কথা জানিয়েছেন।


শেখ সাবরি অভিযোগ করেন, ইসরায়েলের ডানপন্থী সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে আল-আকসা নিয়ে তাদের 'আগ্রাসী পরিকল্পনা' বাস্তবায়ন করতে চাইছে। বিশেষ করে জানুয়ারির শুরুতে অধিকৃত পূর্ব জেরুজালেমে নতুন পুলিশ কমান্ডার হিসেবে মেজর জেনারেল অ্যাভশালোম পেলেডকে নিয়োগ দেওয়াকে তিনি উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গিভিরের এজেন্ডা বাস্তবায়নের অংশ হিসেবে দেখছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হায়ারেৎজ-এর মতে, বেন-গিভির পরিস্থিতি উত্তপ্ত করতে সম্ভাব্য সবকিছুই করছেন।


রমজানকে সামনে রেখে সাধারণত লাখ লাখ ফিলিস্তিনি পশ্চিম তীর থেকে জেরুজালেমে আসেন। কিন্তু শেখ সাবরি জানান, ইতোমধ্যে শত শত ফিলিস্তিনি যুবককে রমজান মাসজুড়ে আল-আকসায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কারো কারো ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা ছয় মাস পর্যন্ত স্থায়ী। অধিকৃত পশ্চিম তীর থেকে আসা মুসল্লিদের জন্য কোনো ধরনের শিথিলতা না দেখানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল। ফলে বিগত বছরগুলোর তুলনায় এবার মুসল্লি সংখ্যা অনেক কম হওয়ার আশঙ্কা করা হচ্ছে। শেখ সাবরি একে ইবাদতের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ এবং রমজানের পবিত্রতা বিঘ্নিত করার অপচেষ্টা হিসেবে অভিহিত করেছেন।


সাক্ষাৎকারে সাবেক গ্র্যান্ড মুফতি সতর্ক করে বলেন, এক সময় যা গোপন উচ্চাকাঙ্ক্ষা ছিল, তা এখন প্রকাশ্য নীতিতে পরিণত হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ এখন আল-আকসার ওপর পূর্ণ সার্বভৌমত্ব প্রতিষ্ঠা এবং ইসলামিক ওয়াকফ কর্তৃপক্ষের ক্ষমতা হ্রাস করতে চায়। ২০০৩ সাল থেকে উগ্রপন্থী ইসরায়েলিদের জোরপূর্বক মসজিদে প্রবেশের সুযোগ করে দেওয়া এই পরিকল্পনারই অংশ।


আল-আকসা সংলগ্ন ফিলিস্তিনি বসতিগুলো ধ্বংস করার ইসরায়েলি নীতির তীব্র সমালোচনা করে তিনি বলেন, এই উচ্ছেদ নীতি বর্ণবাদী, অন্যায় এবং অমানবিক। এটি ব্রিটিশ ঔপনিবেশিক আমলের অন্যায় নীতিরই একটি সম্প্রসারণ।


জেরুজালেমের বর্তমান নাজুক পরিস্থিতি বিবেচনায় শেখ ইকরিমা সাবরি বিশ্বজুড়ে মুসলিম নেতা ও জনগণকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর এবং আল-আকসা রক্ষায় নিজ নিজ দায়িত্ব পালনের জোরালো আহ্বান জানিয়েছেন।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন