পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের সকল ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সূচি অনুযায়ী, রমজানে গ্রাহকরা সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ব্যাংকিং লেনদেন করতে পারবেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট এক সার্কুলারের মাধ্যমে এই নতুন সময়সূচি ঘোষণা করেছে।
লেনদেনের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯:৩০ থেকে দুপুর ২:৩০ পর্যন্ত। অন্যদিকে অফিস সময় নির্ধারণ করা হয় সকাল ৯:৩০ থেকে বিকেল ৪:০০ পর্যন্ত (লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কাজ সম্পন্নের জন্য)। জোহরের নামাজের বিরতি থাকবে দুপুর ১:১৫ থেকে ১:৩০ পর্যন্ত। তবে এই সময়ে বিকল্প ব্যবস্থায় লেনদেন ও গ্রাহক সেবা চালু রাখতে হবে।
স্বাভাবিক সময়ে ব্যাংকে লেনদেন চলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং অফিস কার্যক্রম চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রতি বছর রমজান মাসে গ্রাহক ও ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের সুবিধার্থে কেন্দ্রীয় ব্যাংক এই সময়সূচি পুনঃনির্ধারণ করে থাকে।
সার্কুলারে আরও জানানো হয়েছে, পবিত্র রমজান মাস শেষ হওয়ার পর ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পুনরায় আগের অবস্থায় ফিরে আসবে। দেশের সকল সরকারি ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংককে এই নির্দেশনা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
ডিবিসি/এসএফএল