পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশের নিম্নআয়ের মানুষদের জন্য সুলভ মূল্যে প্রোটিনসমৃদ্ধ খাবার সরবরাহের বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে মহাখালীতে অবস্থিত প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের জনকল্যাণমুখী প্রতিশ্রুতির ধারাবাহিকতায় দুধ, ডিম, মাংস ও মাছের মতো পুষ্টিকর খাবার সাধারণ মানুষের নাগালে রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশব্যাপী প্রায় ১০ লাখ পরিবারকে এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে, যা বাজারের ঊর্ধ্বমুখী মূল্য নিয়ন্ত্রণেও ইতিবাচক ভূমিকা রাখবে। রমজান মাসে অসাধু ব্যবসায়ীদের কারণে সৃষ্ট জনভোগান্তি কমাতেই সরকারের এই উদ্যোগ বলে তিনি উল্লেখ করেন এবং ভবিষ্যতে এর পরিসর আরও বাড়ানোর আশ্বাস দেন।
সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং হেলথ কার্ড চালুর পরিকল্পনার কথাও জানান সুলতান সালাউদ্দিন টুকু। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগের কথা স্মরণ করে তিনি সবাইকে সততা, নিষ্ঠা ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের (বিপিআইসিসি) সভাপতি মশিউর রহমান এবং বাংলাদেশ ক্যাটল অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশনের (বিসিএফএফএ) সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন।
ডিবিসি/এফএইচআর