বাংলাদেশ, জাতীয়

রমজান উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

শুক্রবার ২৪শে মার্চ ২০২৩ ০২:১৯:০২ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পবিত্র রমজান উপলক্ষে বৃহস্পতিবার বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাণীতে রমজানের পবিত্রতা ও তাৎপর্য অনুধাবন করে ব্যক্তি ও সমাজ জীবনে এর সঠিক প্রতিফলন ঘটানো এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে অবদান রাখার জন্য আহবান জানিয়েছেন।

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আজ দেয়া এক বাণীতে তিনি বলেন, ‘পবিত্র মাহে রমজান আমাদের মাঝে সমাগত। এ উপলক্ষ্যে আমি দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।’

বরকতময় মাহে রমজান মাস মহান আল্লাহর নৈকট্য এবং তাকওয়া অর্জনের অপূর্ব সুযোগ এনে দেয় উল্লেখ করে তিনি বলেন, সংযম, আত্মশুদ্ধি ও ক্ষমালাভের জন্য যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্ব মুসলিম সম্প্রদায় মাসটি পালন করে থাকে। সিয়াম সাধনা ধনী-গরীব সকলের মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে।

রাষ্ট্রপতি বলেন, করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতি মন্দায় পতিত। বাংলাদেশও অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন। এমতাবস্থায় দেশে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে সমাজের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।
 
সমাজের সচ্ছল জনগোষ্ঠীকে অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘পবিত্র রমজান মাসে খাদ্যদ্রব্যসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ নিশ্চিত করতে এবং দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আমি দেশের ব্যবসায়ী সমাজকে বিশেষভাবে অনুরোধ করছি।’ 

রাষ্ট্রপতি বলেন, ‘রমজানের মহান শিক্ষা সমাজের সকল স্তরে ও সবার মাঝে ছড়িয়ে পড়ুক। রমজানের পবিত্রতায় সকলের জীবন ভরে উঠুক। মহান আল্লাহ আমাদের রহমত, মাগফিরাত ও নাজাত দান করুন - আমিন।’

বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছলতা ও সংঘাত পরিহার করার আহবান জানিয়েছেন। এ উপলক্ষ্যে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে বলেছেন, পবিত্র এ মাসে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্বশক্তিমান মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্যলাভ এবং ক্ষমা লাভের অপূর্ব সুযোগ হয়।

তিনি বলেন, ‘সিয়াম সাধনা ও সংযমের মাস পবিত্র মাহে রমজান আমাদের মাঝে সমাগত। পবিত্র এ মাসে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্বশক্তিমান মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্যলাভ এবং ক্ষমা লাভের অপূর্ব সুযোগ হয়। সিয়াম ধনী-গরিব সবার মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে।’

বাণীতে তিনি আরও বলেন, ‘আসুন আমরা জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করি। সকল প্রকার কুসংস্কার পরিহার করে আমরা শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সকল স্তরে প্রতিষ্ঠা করি। সিয়াম পালনের পাশাপাশি বেশি বেশি কোরআন তেলাওয়াত করি ও ইবাদত-বন্দেগিতে মশগুল থাকি।’

প্রধানমন্ত্রী বলেন, মহান আল্লাহ আমাদের জাতীয় জীবনে পবিত্র মাহে রমজানের শিক্ষা কার্যকর করার তাওফিক দান করুন। মাহে রমজান আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি, সকলের জীবন মঙ্গলময় হোক। পবিত্র মাহে রমজানে তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম জাহানের উত্তরোত্তর উন্নতি, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। মহান আল্লাহতায়ালার কাছে তিনি সবার হেফাজত কামনা করেন।

ডিবিসি/এএসডি

আরও পড়ুন