জেলার সংবাদ

রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’

রাবি প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) তহবিল থেকে অর্থ উত্তোলনের পর যথাযথ বিল-ভাউচার জমা না দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে এক ব্যঙ্গাত্মক ‘ভাউচার মেলা’ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে ‘বিশ্ববিদ্যালয়ের অসাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এই কর্মসূচির আয়োজন করে শাখা ছাত্রদল।

সরেজমিনে দেখা যায়, পরিবহন চত্বরে মোট আটটি ব্যঙ্গাত্মক স্টল স্থাপন করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের ছবি সংবলিত মূল ফটকে টাঙানো ব্যানারে ‘কোথায় তোমার ভাউচার?’, ‘রাকসু ভাউচার দিতে পারেনি!’ এবং ‘হিসেবে ভাউচার নেই’ শীর্ষক স্লোগান ও ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়। প্রতিটি স্টলে আলোকসজ্জার পাশাপাশি রাকসুর বিভিন্ন কার্যক্রমের ব্যঙ্গচিত্র ও ব্যানার টানানো হয়।

 

এসব ব্যানারে ভিপি-জিএসের আপ্যায়ন বিল, সেলাই মেশিন ও কর্মশালা, সভা-সেমিনার ও বিতর্ক আয়োজন, ডেকোরেটর ও সাউন্ড সিস্টেম ভাড়া, কাওয়ালি দলের ব্যয়, বেলচা ক্রয়, নেপাল সফর, রাকসু গেমস ও ওয়েলফেয়ারের ছাদ ভাড়া সংক্রান্ত নানা ব্যঙ্গাত্মক বিষয় তুলে ধরা হয়। মেলার প্রবেশমুখে টাকার লকার সদৃশ একটি ছবিতে লেখা ছিল ‘সবার হিসেব মেলে, আমার হিসেব মেলে না’।

 

আলাদা স্টলগুলোতে ভুয়া ভাউচারের প্রতীকী প্রদর্শনী এবং কাগজ ও ককশিট দিয়ে তৈরি টাকার বান্ডিল রাখা হয়। সেখানে সেলাই মেশিন, ভিপি-জিএসের নাস্তা বিল, বেলচা ক্রয়, সংবাদ সংগ্রহ, কাওয়ালি দলের ভাড়া ও আমন্ত্রিত অতিথি ভাতা, ভোজ ও ড্রাইড ফুড সামগ্রী এবং বিতর্ক আয়োজনের নামে খরচের ব্যঙ্গাত্মক তালিকা প্রদর্শন করা হয়।

 

আয়োজন প্রসঙ্গে শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এস এম মাহমুদুল হাসান মিঠু বলেন, রাকসুর তহবিল থেকে এক কোটি টাকার বেশি উত্তোলন করা হলেও প্রায় ৬১ লাখ টাকার কোনো হিসাব দেওয়া হয়নি। এরপর থেকেই ভুয়া ভাউচার তৈরির তোড়জোড় শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের এই অনিয়মের খবর যেন আড়াল না হয়, সেজন্যই শিক্ষার্থীরা প্রতীকী এই আয়োজন করেছে। ব্যঙ্গ করে তিনি আরও বলেন, কারও ভুয়া ভাউচারের প্রয়োজন হলে তারা যেন এই মেলায় যোগাযোগ করে।

আরও পড়ুন