মিয়ানমারের রাখাইন রাজ্যের পন্যাগিউন জনপদে একটি জনাকীর্ণ বাজারে জান্তা বাহিনীর যুদ্ধবিমান থেকে চালানো বোমা হামলায় ৪ শিশুসহ ১৮ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে আরাকান আর্মির (এএ) নিয়ন্ত্রণাধীন ইয়ো এনগু গ্রামে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে।
আরাকান আর্মি এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন পন্যাগিউন ইউথস অ্যাসোসিয়েশন (পিওয়াইএ) জানিয়েছে, মঙ্গলবার দুপুর ২টার দিকে একটি যুদ্ধবিমান থেকে ওই বাজার লক্ষ্য করে ৩০০ পাউন্ড ওজনের দুটি বোমা নিক্ষেপ করা হয়।
পিওয়াইএ-র চেয়ারম্যান কো প্যায়ে ফিও নাইং এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, "আরাকান আর্মির সাথে যুদ্ধে জয়ী হতে না পেরে জান্তা বাহিনী এখন সাধারণ বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানাচ্ছে। এটি স্পষ্টত মানবতার বিরুদ্ধে অপরাধ।"
হামলায় নিহত ১৮ জনের মধ্যে অধিকাংশ নারী এবং ৬ থেকে ১৫ বছর বয়সী ৪জন শিশু রয়েছে। এছাড়া আরও ১৫ জন গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে ৪ থেকে ৭ বছর বয়সী ৩জন শিশু রয়েছে। স্থানীয় লেখক ও সমাজকর্মী উ ওয়াই হুন অং জানিয়েছেন, ১৭ জন ঘটনাস্থলেই মারা যান এবং একজন বুধবার চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান। হামলায় বাজারের চারপাশের অন্তত ১৩টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
রাখাইন রাজ্যের ১৭টি জনপদের মধ্যে ১৪টি এখন আরাকান আর্মির দখলে। সামরিক ও রাজনৈতিকভাবে কোণঠাসা জান্তা বাহিনী এখন পরিকল্পিতভাবে হাসপাতাল, স্কুল, বাজার এবং বেসামরিক ঘরবাড়িতে বিমান হামলা চালাচ্ছে। তথ্যানুযায়ী, গত ১০ ডিসেম্বর থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে মিয়ানমার জুড়ে জান্তা বাহিনী ১৫টি বড় ধরনের বিমান হামলা চালিয়েছে, যাতে ৭১ জন নিহত হয়েছেন। এর আগে গত বছরের ৩ জানুয়ারি থেকে ২৮ নভেম্বরের মধ্যে রাখাইনে ৯২টি বিমান হামলায় ১৯২ জন প্রাণ হারিয়েছেন।
বিশ্লেষকদের মতে, বেসামরিক নাগরিকদের ওপর এই নৃশংস হামলা চালিয়ে জান্তা সরকার মূলত আরাকান আর্মির ওপর জনচাপ সৃষ্টি করতে চায় যাতে তারা অভিযান বন্ধ করে। তবে উ ওয়াই হুন অং-এর মতে, এই কৌশল রাখাইনে হিতে বিপরীত হচ্ছে। তারা আরও বলেন, মানুষ মৃত্যুর ভয়ে ভীত ঠিকই, কিন্তু তারা জান্তার শাসন থেকে মুক্তি না পাওয়াকে বেশি ভয় পায়। এই হামলা সাধারণ মানুষের মধ্যে জান্তা বিরোধী মনোভাব আরও দৃঢ় করছে এবং তারা এখন সিত্তয়ে ও কিয়াকফিউ দ্রুত দখলের দাবি জানাচ্ছে।
বর্তমানে জান্তা বাহিনী রাখাইনের পাশাপাশি সাগাইং বিভাগেও একই ধরণের হামলা অব্যাহত রেখেছে। গত সোমবার রাতে সাগাইংয়ের মাইনমু জনপদে প্যারাগ্লাইডার থেকে বোমা ফেলে দুই শিশুসহ ৯ জনকে হত্যা করা হয়েছে।
সূত্র: দ্য ইরাবতী
ডিবিসি/এসএফএল