জেলার সংবাদ

রাঙামাটিতে পঞ্চম শ্রেণির ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, যুবক আটক

খাগড়াছড়ি প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাঙামাটি সদর উপজেলার জীবতলী ইউনিয়নের হেডম্যান পাড়ায় রূপন চাকমা (১২) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। সোমবার (১৭ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বপন চাকমাকে (২২) আটক করেছে কোতোয়ালি থানা-পুলিশ।

নিহত রূপন কাপ্তাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভাইজ্জাতলী মৌজার ভাইবোনছড়া পাড়ার বাসিন্দা লক্ষছা চাকমার ছেলে। পড়াশোনার জন্য সে জীবতলীর হেডম্যান পাড়ায় খালু আশেনি কুমার চাকমার বাড়িতে থাকত বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৫টার দিকে রূপন প্রতিবেশীর বাড়ির কাছ থেকে পানি আনতে যায়। সেখানে আগে থেকে অবস্থান করছিল স্বপন চাকমা। একপর্যায়ে শিশুটিকে একটি ঘরে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে বুকে আঘাত করা হয়। পরে তার গলায়ও আঘাত করা হলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

খবর পেয়ে রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। শিশুটির মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

 

পরে অভিযান চালিয়ে রাত ১০টার দিকে অভিযুক্ত স্বপন চাকমাকে আটক করে পুলিশ। তিনি রিমলাল চাকমার ছেলে বলে জানিয়েছে পুলিশ।

 

ওসি মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, এ ঘটনায় মূল অভিযুক্তকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শওকত আকবর খান ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ হাসপাতালে আনার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এ হত্যাকাণ্ডে এলাকায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন