বাংলাদেশ, জেলার সংবাদ

রাঙামাটিতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত, সড়কে আগুন

রাঙামাটি প্রতিনিধি

ডিবিসি নিউজ

শুক্রবার ১৭ই এপ্রিল ২০২৬ ১০:৫৫:০৬ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি আবাসিক এলাকায় প্রতিপক্ষের ব্রাশফায়ারে ধর্মসিংহ চাকমা নামে প্রসিত বিকাশ খীসা সমর্থিত ইউপিডিএফের এক নেতা নিহত হয়েছেন।

নিহত ধর্মসিংহ চাকমা ইউপিডিএফের সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। এই ঘটনায় তার দুই বোনও গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

 

ইউপিডিএফের পক্ষ থেকে দাবি করা হয়েছে, শুক্রবার সকাল ৭টার দিকে কুতুকছড়ি আবাসিক এলাকায় নিজ বাসায় অবস্থান করছিলেন ধর্মসিংহ চাকমা। এসময় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) ১৯ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল বাড়িটি ঘিরে ফেলে। জীবন বাঁচাতে ধর্মসিংহ চাকমা পালানোর চেষ্টা করলে অস্ত্রধারীরা তাকে লক্ষ্য করে ব্রাশফায়ার করে।

 

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলার সময় তার দুই বোনও গুলিবিদ্ধ হয়ে আহত হন। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে কুতুকছড়ি এলাকায় রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন ইউপিডিএফের নেতাকর্মীরা। 

 

এর ফলে ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়, যার ফলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইউপিডিএফ এই ঘটনার জন্য সরাসরি জেএসএস-কে দায়ী করলেও সংগঠনটির পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন