রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, সিগারেট ও বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৯ জুন) রাত আনুমানিক ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাঘাইছড়ির মারিশ্যা-দিঘিনালা সড়কের নালকাটাছড়া এলাকায় মারিশ্যা ব্যাটালিয়নের (২৭ বিজিবি) একটি টহল দল এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, মারিশ্যা ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় চোরাকারবারিরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে দুটি মোটরসাইকেলে বহনকৃত দুটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব চোরাচালান পণ্য উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ২ বোতল বিদেশি ‘ওল্ড মাংক’ মদ, ৫ বোতল ‘ব্লাক বাই বাকার্ডি’ মদ, ৫ বোতল ‘ম্যাজিক মোমেন্টস’ মদ, ৩৯ কার্টন বা ৩৯০ প্যাকেট ‘এসে লাইটস’ ব্র্যান্ডের বিদেশি সিগারেট, ৫ বোতল কমফোর্ট, ১৫টি ফেমাস সাবান, ৪টি ডাবর রেড টুথপেস্ট, ১৮০ প্যাকেট সানসিল্ক শ্যাম্পু এবং ২৪টি ফ্রেশ পাউডার। বিজিবির তথ্যমতে, উদ্ধারকৃত এসব মালামালের মোট সিজার মূল্য ১ লাখ ৩৮ হাজার ৭২০ টাকা।
এ বিষয়ে মারিশ্যা জোনের (২৭ বিজিবি) জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, মাদকমুক্ত যুবসমাজ গঠনের লক্ষ্যে মারিশ্যা জোন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে এবং এলাকাটিকে মাদকমুক্ত রাখতে বিজিবি অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি আরও জানান, ওই এলাকায় বিভিন্ন অভিনব কৌশলে চোরাচালান কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় তা প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা জোরদারের পাশাপাশি নিয়মিত আভিযানিক টহল কার্যক্রম অব্যাহত থাকবে।
ডিবিসি/আরএসএল