পাহাড়ি জেলা রাঙামাটির দুর্গম এলাকার ভোটকেন্দ্রগুলোতে সুষ্ঠু ভোট ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে হিমশিম খেতে হচ্ছে। এবার জেলার ১০টি উপজেলার ১৬১টি ভোটকেন্দ্রে কোনো মোবাইল নেটওয়ার্ক নেই এবং ৩৬টি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই। প্রশাসন এসব কেন্দ্রে সোলার প্যানেল কিংবা জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে।
বিদ্যুৎ ও নেটওয়ার্কবিহীন এসব কেন্দ্রে নিরাপত্তা বজায় রাখা এবং ভোটের ফলাফল দ্রুত পাওয়া নিয়ে প্রার্থী ও প্রশাসনের মধ্যে দুশ্চিন্তা রয়েছে। ভোটার ও স্থানীয়রা দাবি জানিয়েছেন, কোনো বিলম্ব না করে যত দ্রুত সম্ভব ফলাফল প্রকাশ করার। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা বাহিনীর ওয়ারলেস সিস্টেম ব্যবহার করে ফলাফল দ্রুত জানানোর পরিকল্পনা করা হচ্ছে।
রাঙামাটির রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফী জানিয়েছেন, জেলার ভোটকেন্দ্রগুলোতে সিসিটিভি স্থাপনের জন্য ৫৬ লাখ ৪১ হাজার ৬০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সুষ্ঠু ভোট ও দ্রুত ফলাফল নিশ্চিতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি আশ্বস্ত করেন।
ডিবিসি/এএমটি