রাঙ্গামাটির লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে একটি বসতঘর ও তিনটি ফার্নিচারের কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার (৩ আগস্ট) ভোরে কাঠমিস্ত্রির একটি কারখানা থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং মুহূর্তেই তা পাশের স্থাপনাগুলোতে ছড়িয়ে পড়ে। তবে এই ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডে ৮০ লাখ থেকে ১ কোটি টাকার মতো আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
লংগদু জোন সূত্র জানায়, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদের (এসপিপি, পিএসসি) নেতৃত্বে সদর থেকে সেনাবাহিনীর তিনটি বি-টাইপ টহল দল দ্রুত প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্থানীয় জনপ্রতিনিধিসহ সাধারণ মানুষের সম্মিলিত ও সমন্বিত প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
যেকোনো ধরনের জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য অগ্নিকাণ্ডের সময় লংগদু জোনের একটি মেডিকেল দল চিকিৎসা সহায়তার জন্য প্রস্তুত ছিল। পাশাপাশি সেনাবাহিনীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই তৎপরতার ভূয়সী প্রশংসা করেছেন। তারা জানান, সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কার্যকর পদক্ষেপ নেওয়ায় অনেক বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। তাৎক্ষণিকভাবে এই উদ্যোগ নেওয়া না হলে আগুন আরও বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়তে পারত।
ডিবিসি/পিআরএএন