জেলার সংবাদ

রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে নিহত ৪, আহত ২

রাঙ্গামাটি প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাঙ্গামাটির সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। রবিবার (১৬ আগস্ট) সকালে রাঙ্গামাটি-খাগড়াছড়ি মহাসড়কের মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সকালে রাঙ্গামাটি শহর থেকে যাত্রীবাহী একটি পিকআপ (চট্টগ্রাম মেট্রো ন-১১-২৫৯৯) কুতুকছড়ি বাজারের উদ্দেশে রওনা হয়। পথে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে পিকআপটি সড়ক থেকে ছিটকে পড়ে সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় পুলিশ ও সেনাবাহিনী দ্রুত উদ্ধারকাজ শুরু করে এবং হতাহতদের রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে পাঠায়।

 

এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতরা হলেন- মেঘরানী চাকমা (৪৫), শান্তনা চাকমা (৩৮), শোভা চাকমা (৫২) এবং শান্তি রঞ্জন চাকমা (৬৫)। এছাড়া গুরুতর আহত অবস্থায় জ্ঞান বিকাশ চাকমা (৫০) ও সুমন চাকমা (৪৫)-কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, দুর্ঘটনার পর চারজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। গুরুতর আহত দুজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটি কোতোয়ালী থানার মানিকছড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের চিকিৎসায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন