রাজধানীর বসুন্ধরা ১০০ ফিট এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় সাজ্জাদ হোসেন রাতুল (৩২) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে বেলা সোয়া ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাতুল মহাখালী মধ্যপাড়া এলাকার বাসিন্দা হলেও স্ত্রীকে নিয়ে বাড্ডা বেড়াইদ এলাকায় বসবাস করতেন। তিনি যমুনা ফিউচার পার্কের একটি কাপড়ের দোকানে কর্মরত ছিলেন।
হাসপাতালে নিহতের বোন শম্পা আক্তার জানান, সকালে বাসা থেকে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে যাওয়ার পথে বসুন্ধরা ১০০ ফিট এলাকায় একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে স্বজনরা তাকে সেখান থেকে পঙ্গু হাসপাতালে এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর প্রাইভেটকার ও এর চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি ভাটারা থানা পুলিশ তদন্ত করছে।