রাজধানীতে ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ চারজন নিহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) রাতে সায়েন্সল্যাব ও তেজগাঁও এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা দুটি ঘটে।
সায়েন্সল্যাব মোড়ে বালুবোঝাই একটি ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন গণপূর্ত অধিদফতরের অফিস সহায়ক সাজু আহমেদ সুমন এবং তার ২১ বছর বয়সী মেয়ে তৃষা। জানা গেছে, সুমন তার একমাত্র মেয়েকে নিয়ে ঈদের কেনাকাটা করতে বেরিয়েছিলেন। কেনাকাটা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার সময় সায়েন্সল্যাব মোড়ে একটি দ্রুতগামী বালুবোঝাই ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সুমনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তৃষাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে অপর এক দুর্ঘটনায় এক যাত্রী ও সিএনজিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম হারুনর রশিদ সানি। তিনি তার পরিবার নিয়ে ঈদের কেনাকাটা সেরে অটোরিকশাযোগে বাসায় ফিরছিলেন। সাতরাস্তা মোড়ে ইউটার্ন নেওয়ার সময় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডে প্রচণ্ড জোরে ধাক্কা দেয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সানি ও অটোরিকশা চালক আলিমকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় সানির স্ত্রী ও বোন গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ডিবিসি/টিবিএ