গণহত্যার বিচারের ধীরগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার (২৩ জুন) বিকাল ৫টায় রাজধানীর বিজয় নগরে বিক্ষোভ সমাবেশ করবে ১১ দলীয় জোট। একইসঙ্গে জুলাই গণঅভ্যুত্থানবর্ষ ঘিরে এই সমাবেশ থেকে নতুন কর্মসূচিও ঘোষণা করবে তারা। এর আগে একই দাবিতে আগামী ৪ জুলাই জেলা শহরগুলোতে সমাবেশের ডাক দিয়েছে জোটটি।
সোমবার (২২ জুন) সকালে মগবাজারে অনুষ্ঠিত বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির ঘোষণা দেন ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ক্ষমতা টিকিয়ে রাখতে বিএনপির মধ্যে সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার অতীত প্রবণতা লক্ষ করা যাচ্ছে। পাশাপাশি জুলাই হত্যার বিচারকাজ দুর্বল ও ধীরগতির করায় বিচার পাওয়া নিয়ে জাতি আজ সন্দিহান এবং এরই মধ্যে ফ্যাসিবাদ ফিরে আসার প্রবণতাও দেখা যাচ্ছে।
হামিদুর রহমান আজাদ আরও উল্লেখ করেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। সরকার যদি নিজেদের শুধরে না নেয়, তবে চলমান আন্দোলন আরও বেগবান করার হুঁশিয়ারি দেন এই নেতা। সেই সঙ্গে এভাবে পরিস্থিতি চলতে থাকলে জনগণই সরকারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি।
ডিবিসি/এফএইচআর