আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশ-বিদেশে নানা আয়োজন থাকলেও রাজধানীর বুকে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে ঝুলছে তালা এবং শহিদ মিনারগুলো পড়ে আছে অপরিষ্কার অবস্থায়।
শিক্ষার্থী তো দূরের কথা, শিক্ষকরাও এই দিনটিতে ছুটির আলস্যে দিন কাটাচ্ছেন। স্কুলে শহিদ মিনার না থাকলে বিকল্প উপায়ে মিনার বানিয়ে শ্রদ্ধা জানানোর গল্প প্রচলিত থাকলেও, শহিদ মিনার থাকার পরও প্রস্তুতি ও শিক্ষার্থীর উপস্থিতি না থাকার এমন ঘটনা অনেকটাই দুষ্কর।
রামপুরার কয়েকটি স্কুলে গিয়ে দেখা যায়, ফাগুনের ঝরা পাতা আর ধুলো-ময়লায় ভরে আছে শিক্ষা প্রতিষ্ঠানের শহিদ মিনারগুলো। এর মধ্যে মাতৃভাষা দিবসের উদযাপন দেখাতে এক বাবা তার ছোট্ট সন্তানকে নিজ স্কুলে নিয়ে এলেও তালাবদ্ধ শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো আয়োজন দেখতে পাননি।
তবে পূর্ব রামপুরা হাই স্কুলে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র, যেখানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম কয়েকজন শিক্ষার্থী নিয়ে শ্রদ্ধা জানানোর প্রস্তুতি নিচ্ছেন। আবার সরকারি স্কুলগুলোতেও দায়সারাভাবে শ্রদ্ধা নিবেদনের দৃশ্য দেখা গেছে; খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ হাওলাদারের উপস্থিতিতে সেখানেও ছিল না অধিকাংশ শিক্ষক ও শিক্ষার্থীর দেখা। একসময় স্কুল-কলেজে সরকারি ছুটির দিনে নানা আয়োজন থাকলেও ইদানীং সেই ধারায় অনেকটাই চির ধরেছে।
ডিবিসি/আরএসএল