জাতীয়, রাজধানী

রাজধানীর কোথায় কখন ঈদের জামাত

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আগামীকাল শনিবার রাজধানী ঢাকাসহ সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। রাজধানীতে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় হাইকোর্ট প্রাঙ্গণের জাতীয় ঈদগাহ ময়দানে।

তবে আবহাওয়া প্রতিকূল থাকলে বা অন্য কোনো অনিবার্য কারণে এই জামাত আয়োজন সম্ভব না হলে, সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এবারের প্রধান জামাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন।

 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) তথ্যমতে, জাতীয় ঈদগাহ ময়দান ও এর আশপাশের সড়ক এবং খোলা জায়গা মিলিয়ে এবার প্রায় ৯০ হাজার থেকে ১ লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। সেখানে অতি গুরুত্বপূর্ণ বা ভিআইপি ব্যক্তিদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান ও অন্যান্য উচ্চপদস্থ মিলিয়ে প্রায় ৩৩০ জনের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে, যার মধ্যে ২৫০ জন পুরুষ এবং ৮০ জন নারী ভিআইপি। সাধারণ মুসল্লিদের মধ্যে প্রায় ৩১ হাজার পুরুষ এবং ৩ হাজার ৫০০ নারীর জন্য আলাদা নামাজের জায়গা ও পর্দা নিশ্চিত করা হয়েছে।

 

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতিবছরের মতো এবারও ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের বরাতে বাসস জানিয়েছে, বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে সকাল ৭টা, সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টা ও বেলা পৌনে ১১টায় এসব জামাত অনুষ্ঠিত হবে। অন্যদিকে রাজধানীর আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলার মাঠে এবারও ঈদের জামাতের আয়োজন করেছে ডিএনসিসি। সকাল ৮টায় অনুষ্ঠিতব্য এই জামাতে একসঙ্গে ২৫ হাজারের বেশি মানুষ নামাজ আদায় করতে পারবেন। এ ছাড়া দুই সিটি করপোরেশনের এলাকাভিত্তিক মসজিদগুলোতেও ঈদের নামাজ আদায় হবে।

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে এ বছর মোট ১ হাজার ৭৭১টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১২১টি ঈদগাহ ও ১ হাজার ৫৯৯টি মসজিদে এসব ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার জানিয়েছেন, এসব ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত ও সুদৃঢ় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

 

রাজধানী ঢাকার বাইরে দেশের অন্যান্য প্রান্তেও ঈদের বড় জামাতের ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম নগরে প্রধান জামাত অনুষ্ঠিত হবে জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে। সেখানে সকাল আটটায় ও পৌনে নয়টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে আটটায় জেলা স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে আরেকটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। দিনাজপুরের প্রায় ২২ একর আয়তনের সবুজ ঘাসে মোড়ানো গোর-এ-শহীদ বড় মাঠে সকাল ৯টায় ঈদের বিশাল জামাত অনুষ্ঠিত হবে।

 

এদিকে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবার ১৯৯তম ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। ঐতিহ্য ও রেওয়াজ অনুযায়ী জামাত শুরুর আগে পরপর তিনবার বন্দুকের ফাঁকা গুলি ছোড়া হবে। মুসল্লিদের জন্য এ বছর পাঁচ স্তরের নিরাপত্তা দেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শোলাকিয়া ঈদগাহ মাঠে আগত মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে ঈদের দিন কিশোরগঞ্জ-ময়মনসিংহ ও ভৈরব-কিশোরগঞ্জ লাইনে 'শোলাকিয়া এক্সপ্রেস' নামে দুটি স্পেশাল ট্রেন চলাচল করবে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন