রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা এলাকায় চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে আব্দুর রহিম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে পোস্তগোলায় বিআইডব্লিউটিএর একটি প্রজেক্টে রড চুরির অভিযোগে তাকে আটক করে মারধর করা হয়। পরবর্তীকালে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।
ডিএমপির শ্যামপুর জোনের সহকারী কমিশনার মো. সরাফত উল্লাহ জানান, বিআইডব্লিউটিএর প্রজেক্টে চুরির সময় ওই যুবককে হাতেনাতে ধরা হয়েছিল। মারধরের পাশাপাশি সেখানে লোহালক্কর থাকায় পড়ে গিয়েও তিনি আহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। নিহতের কাছ থেকে চুরির মালামালসহ ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
নিহত আব্দুর রহিমের লাশ ময়নাতদন্তের জন্য বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় রোববার রাতেই তার বিরুদ্ধে চুরির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছিল। তবে যুবকের মৃত্যু হওয়ায় এখন তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ।
ডিবিসি/টিবিএ