রাজধানীর মিরপুর ২ নম্বরে অবস্থিত ‘এলএ প্লাজা’ নামের একটি ১১ তলা বাণিজ্যিক ভবনে গতকাল সোমবার (৯ মার্চ) দুপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে এক নারী ও এক পুরুষের মৃত্যু হয়েছে। নিহত পুরুষের নাম রাকিব হাসান হলেও মৃত নারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা ১টা ৫২ মিনিটে ভবনটির তৃতীয় তলায় অবস্থিত একটি স্পা সেন্টারে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মিরপুর স্টেশনের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ ও আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। পরে আগুনের তীব্রতা বিবেচনায় আরও দুটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় বেলা ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং গতকাল বিকেল ৪টা ৩৫ মিনিটে তা পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়।
অগ্নিকাণ্ডের সময় আতঙ্কিত হয়ে ভবনের ভেতরে থাকা অনেকে ছাদে আশ্রয় নেন, আবার কেউ কেউ বিভিন্ন তলায় আটকা পড়েন। ফায়ার সার্ভিসের কর্মীরা টার্ন টেবল ল্যাডার (টিটিএল) ব্যবহার করে ছাদ ও বিভিন্ন তলা থেকে মোট ১৪ জন পুরুষ ও ১০ জন নারীকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। তবে তল্লাশি চালানোর সময় চার ও পাঁচতলার মাঝামাঝি সিঁড়ি থেকে অচেতন অবস্থায় এক নারী ও এক পুরুষকে উদ্ধার করা হয়। অতিরিক্ত ধোঁয়ার কারণে তারা মারাত্মক অসুস্থ হয়ে পড়েছিলেন।
উদ্ধারকৃত দুজনকে তাৎক্ষণিকভাবে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) আহসান সোহেল রাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদের বিস্তারিত পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
ডিবিসি/টিবিএ