রাজধানীর আদাবর ও তেজগাঁও এলাকায় পৃথক অভিযান চালিয়ে কুখ্যাত ‘কব্জি কাটা আনোয়ার’ গ্রুপের সদস্য এবং একাধিক কিশোর গ্যাং লিডারসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাব-২। এ সময় তাদের কাছ থেকে তিনটি চাপাতি উদ্ধার করা হয়। সোমবার (২৯ জুন) সকালে র্যাব-২ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৮ জুন গোপন তথ্যের ভিত্তিতে আদাবরের শ্যামলী হাউজিংয়ের ৪ নম্বর সড়কে অভিযান চালায় র্যাব। এ সময় ‘কব্জি কাটা আনোয়ার’ গ্রুপের অন্যতম সদস্য, মাদক কারবারি ও কিশোর গ্যাং লিডার কবির ওরফে ধ্বংস কবির (৩৮) এবং তার সহযোগী আব্দুর রহমানকে (৩৫) দুটি চাপাতিসহ গ্রেপ্তার করা হয়। একই দিন তেজগাঁওয়ের কারওয়ান বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে মো. বিল্লাল হোসেন (২৮) নামের আরও এক কিশোর গ্যাং লিডারকে একটি চাপাতিসহ গ্রেপ্তার করা হয়। বিল্লাল হোসেনও একাধিক মাদক ও ছিনতাই মামলার আসামি।
জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে যোগসাজশে মোহাম্মদপুর ও আদাবরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি ও চুরির মতো অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। র্যাবের তথ্যমতে, ধ্বংস কবিরের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই ও মাদক-সংক্রান্ত মোট পাঁচটি মামলা রয়েছে। অন্যদিকে, বিল্লাল হোসেনের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও মাদকসহ মোট ১১টি মামলা বিচারাধীন রয়েছে।
ডিবিসি/এফএইচআর