বাংলাদেশ, জাতীয়

রাজনীতি যেন নিজেদের পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন না ঘটায়: ড্যাব সদস্যদের প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চিকিৎসকদের রাজনৈতিক সম্পৃক্ততার কারণে যেন পেশাগত দায়িত্ব বিঘ্নিত না হয়, সেজন্য সতর্ক থাকতে ড্যাব সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেছেন, শিক্ষার্থী কিংবা পেশাজীবীগণ রাজনীতিতে সংশ্লিষ্ট থাকবেন কিংবা কতটা থাকবেন- এটা নিয়ে বিভিন্ন মহলে একটি আলোচনা আছে। এর পক্ষে-বিপক্ষে নানা মত রয়েছে। তবে আমার মতটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই।

 

সেটি হচ্ছে, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যেহেতু রাজনৈতিক সিদ্ধান্ত প্রায় সকল কাজকে প্রভাবিত করে; সেহেতু শিক্ষার্থী-শিক্ষক কিংবা পেশাজীবী সবাই যার যার মতাদর্শ অনুসারে রাজনৈতিকভাবে সুসংগঠিত থাকবেন বা সচেতন থাকবেন, এটা অযৌক্তিক কোনো বিষয় নয়। তবে রাজনৈতিক সম্পৃক্ততা যেন নিজেদের পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন না ঘটায় বা বিঘ্ন ঘটার কারণ না হয়, সেটি হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট।

 

আজ শনিবার সকালে জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সমাবেশে বক্তব্য দিচ্ছিলেন তারেক রহমান। সংগঠনের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

বিএনপি চেয়ারম্যান বলেন, প্রথাগত রাজনীতির বাইরে এসে রাজনীতির গুণগত পরিবর্তন খুব সম্ভবত প্রত্যেকটি সেক্টরে সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশ এখন সময়ের একটি কঠিন দাবি বা খুব স্ট্রং ডিমান্ড। আমরা সকলেই সেটি অনুভব করতে পারি; বিশেষ করে ৫ অগাস্টের পর থেকে।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শত শয্যায় উন্নীতকরণ এবং হেলথ কার্ড চালুর পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, আমি দৃঢ়ভাবে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, চিকিৎসকগণ যদি সেবার মানসিকতা নিয়ে নিজেদেরকে নিবেদিত না রাখেন; তাহলে এই অবকাঠামোগত উন্নয়ন দিয়ে কিন্তু আমাদের সফলতা আসবে না।

 

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন