বাংলাদেশ, জেলার সংবাদ

রাজবাড়ীতে পাটক্ষেত থেকে নিখোঁজ জামায়াত কর্মীর দগ্ধ লাশ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ১৫ই জুন ২০২৬ ১১:০২:৫৯ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজবাড়ীর কালুখালীতে হাত-পা বাঁধা অবস্থায় আসাদুল ইসলাম (২৫) নামে নিখোঁজ এক যুবকের দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া মাদ্রাসার পাশের একটি পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আসাদুল উপজেলার বিলমানুষমারি গ্রামের শাহজাহান মন্ডলের ছেলে। তিনি মীর মশাররফ সরকারি ডিগ্রী কলেজের শিক্ষার্থী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী ছিলেন বলে দাবি করেছেন জেলা জামায়াতের সেক্রেটারি মো. আলিমুজ্জামান।

 

জানা যায়, গত রবিবার দুপুরে আসাদুল ইসলাম বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান না পেয়ে ওইদিন রাত ১০টার দিকে কালুখালী থানা পুলিশকে বিষয়টি অবগত করেন। এরপর সোমবার সকালে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। দুর্বৃত্তরা তাকে হত্যার পর আগুন দিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করেছিল বলে প্রমাণ পাওয়া গেছে।

 

কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে পাটক্ষেত থেকে নিখোঁজ আসাদুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে হত্যার পর পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে প্রেরণ করা হয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন