রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নে বজ্রপাতে বন্যা খানম (২৭) নামের এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। বুধবার (১৩ মে) বিকেলে খানখানাপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত বন্যা খানম ওই গ্রামের নুরুল হকের স্ত্রী। রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে গৃহস্থালি কাজের প্রয়োজনে ঘর থেকে বাইরে বের হন বন্যা খানম। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ডিবিসি/এসএফএল