রাজবাড়ীর বালিয়াকান্দিতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে আরিফা (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাপের কামড়ের শিকার শিশুটির মা গুরুতর আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে (ICU) চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (১০ আগস্ট) ভোর অনুমান ৩টা থেকে ৪টার মধ্যে উপজেলার নারুয়া ইউনিয়নের চাপলবাঘা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আরিফা ওই গ্রামের আলিফ মোল্লার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে খাবার শেষে নিজ শয়নকক্ষে মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল শিশু আরিফা। শেষ রাতের দিকে ঘুমন্ত অবস্থায় বিছানায় তাকে একটি বিষাক্ত সাপ কামড় দেয়। পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরিফা মারা যায়। অন্যদিকে, এই ঘটনায় সাপের দংশনের শিকার হয়ে শিশুটির মা বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন।
ডিবিসি/ এসভিএন