রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফের একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়েছে। গতকাল শুক্রবার (২২ মে) রাত ১০টার দিকে দৌলতদিয়া প্রান্তের ৭ নম্বর ফেরিঘাট এলাকায় এই ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় দুই নারী যাত্রী আহত হয়েছেন এবং ঘটনার পর পর ঘাট এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মানিকগঞ্জের পাটুরিয়া থেকে ছেড়ে আসা 'রাবেয়া পরিবহন'-এর একটি যাত্রীবাহী বাস 'শাহ পরাণ' নামক ফেরিতে করে রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তের ৭ নম্বর ফেরিঘাটে পৌঁছায়। রাত আনুমানিক ১০টার দিকে বাসটি হঠাৎ বিকল হয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজন ধাক্কা দিয়ে বাসটি সচল করার চেষ্টা করলে এটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এর ফলেই ফেরিতে থাকা দুই নারী যাত্রী আহত হন।
দৌলতদিয়া ফেরিঘাটে দায়িত্বরত বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দীন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের ফেরিতে থাকা রাবেয়া পরিবহনের বাসটি দুর্ঘটনার কবলে পড়ায় এর বেশ কয়েক জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। পরবর্তীতে বাসের ব্যাটারি পরিবর্তন করে সেটিকে সচল করা হয় এবং এরপর বাসটি ঘাট এলাকা ত্যাগ করে।
এ বিষয়ে রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ ও রাবেয়া পরিবহনের মালিকের বক্তব্য জানার জন্য তার মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। যে কারণে এ ঘটনায় বাস কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
ডিবিসি/টিবিএ