রাজবাড়ীতে জাতীয় পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পাঁচ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জেলা নিরাপদ খাদ্য কার্যালয়ের অফিস সহায়ক মনিরা খাতুন (২৭)। আজ শুক্রবার (১৫ মে) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত মনিরা খাতুন রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের ধর্মশী গ্রামের আব্দুর রাজ্জাক মোল্লার মেয়ে। তিনি রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ ভবানীপুর এলাকায় অবস্থিত জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কার্যালয়ে কর্মরত ছিলেন। দুপুরে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান।
উল্লেখ্য, গত রবিবার (১০ মে) বিকেলে অফিস ছুটি হওয়ার পর জাতীয় পতাকা নামাতে যান মনিরা। পতাকার পাইপটি স্টিলের হওয়ায় নামানোর একপর্যায়ে তা ওপর দিয়ে যাওয়া হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারের স্পর্শে আসে। এতে মুহূর্তেই পুরো পাইপটি বিদ্যুতায়িত হয়ে মনিরার শরীরে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাঁকে উদ্ধার করে প্রথমে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নিয়ে যান।
পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে আজ ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর এই অকাল মৃত্যুতে পরিবার ও সহকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ডিবিসি/টিবিএ